নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভাস্হিত খাদুন এলাকার রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ মারাত্মক বিপন্ন হয়ে পড়ছে। অজস্র কৃষি জমির ফসলহানী হচ্ছে । জলাশয়ের মাছও মরে যাচ্ছে। ডায়িং কারখানাটি দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাতের অন্ধকারে বর্জ্য ফেলছে অগোচরে। তারা অপরিশোধিত বর্জ্য ও রঙিন দূষিত পানি সেচ খালে ছেড়ে দিচ্ছে রাতে। তাতে খামারের মাছগুলিও মরে যাচ্ছে। সকাল বেলা পুকুরের পানিতে ভেসে উঠছে মরা দুরগন্ধযুক্ত মাছ। বাতাসে তীব্র পঁচা গন্ধ ছড়াচ্ছে। সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা।
এ ব্যাপারে খাদুন গ্রামের বাসিন্দা আমজাদ আলী ভুঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মো: সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, খাদুন এলাকার রনি নিট কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্য ও দূষিত পানি কৃষি জমি, মাছের খামার ও জলাশয়ে পড়ছে। ঢাকা-সিলেট মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণের কাজের জন্য পাশের খাল ভরাট করে ফেলা হয়েছে।
এ কারণে কারখানা কর্তৃপক্ষ রাতের অন্ধকারে পার্শ্ববর্তী মাছের খামার, কৃষি জমি ও জলাশয়ে অপরিশোধিত ডায়িং এর বর্জ্য ও দূষিত পানি ফেলছে। পানির রং কুচকুচে কালো হয়ে গিয়েছে। কোথাওবা রঙিন দূষিত পানি। পানির ওপর ফেনা ভাসছে। চারপাশে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। ফসলি কৃষি জমি নষ্ট হচ্ছে। পানির পঁচা দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। শিক্ষার্থীরা নাকে মুখে রোমাল ও টিস্যু দিয়ে আাসা যাওয়া করছে। আশপাশের মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অবিরত। কেউবা চর্ম রোগে ভুগছে। এ ব্যাপারে রনি নিট এন্ড কম্পোজিট ডাইং কারখানার কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাবো পৌরসভা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ বিপর্যস্তের ঘটনায় এলাকাবাসীর দেয়া লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অচিরেই ।













