ভূমিকম্পের কাঁপুনিতে রাজধানীতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে বংশালে এই ঘটনা ঘটে। বংশাল থানার এসআই আশিষ কুমার ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, কসাইটুলিতে তিনজন মারা গেছেন। তারা পথচারী। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
এছাড়া রাজধানীর বাড্ডা লিংক রোড, রামপুরার বৌ বাজার লোহার গেট এলাকার কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য এসেছে। পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ভবনে ফাটল ধরেছে।
এদিকে আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন এ সময়। অনেকেই সামাজিকমাধ্যমে পোস্ট দেন।













