কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী মাঠে এবার দেখা গেল এক ব্যতিক্রমী ও আলোচিত চিত্র। একই আসনে স্বামী ও স্ত্রী দুইজনই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন।
জাতীয় পার্টি ( লাঙ্গল ) থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান । অপরদিকে তার স্ত্রী মোছাঃ শেফালী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে।
স্বামী-স্ত্রীর এমন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা এলাকায় ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে।স্থানীয়ভাবে বিষয়টি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অনেক ভোটার এটিকে গণতন্ত্রের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতার ভিন্ন মাত্রা হিসেবেও দেখছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দম্পতির রাজনৈতিক লড়াই কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী পরিবেশকে আরও আগ্রহপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।













