নওগাঁর মান্দা উপজেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের নামে হিন্দি ও ভারতীয় গানের তালে অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগ উঠেছে। দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়া এমন অপসংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি টাঙিয়ে মঞ্চে এই ধরনের কুরুচিপূর্ণ ও সামাজিক মূল্যবোধবিরোধী নৃত্যের প্রদর্শন করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। অনেকেই বলছেন, যে রাজনৈতিক আদর্শ ও ইসলামি মূল্যবোধকে কেন্দ্র করে দেশের সংস্কৃতি গড়ে তোলার কথা, সেখানে এমন আয়োজন চরম দুঃখজনক।
স্থানীয়দের দাবি ও ক্ষোভ: এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের মতে, সামাজিকভাবে সবাই একটি শালীন পরিবেশ প্রত্যাশা করে। কিন্তু উৎসবের নামে উচ্চশব্দে গান বাজিয়ে শব্দদূষণ সৃষ্টি করা হচ্ছে, যা সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জোরপূর্বক এই ধরনের সংস্কৃতি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের প্রতি আহ্বান: ভবিষ্যতে এই ধরনের বিশৃঙ্খলা ও অপসংস্কৃতি রোধে দায়িত্বশীল প্রশাসনের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাদের দাবি: সাধারণ মানুষকে শব্দদূষণের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া বন্ধ করতে হবে। একান্তই যদি কোনো বিশেষ অনুষ্ঠানের অনুমতি দিতে হয়, তবে সংশ্লিষ্ট এলাকার অন্তত ৮০% মানুষের গণস্বাক্ষর সম্বলিত আবেদন সাপেক্ষে যেন তা বিবেচনা করা হয়। এলাকার শান্তিশৃঙ্খলা ও সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার সচেতন নাগরিকরা।













