নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ব্যস্ততম নগরপাড়া বাজারসহ আশপাশের এলাকা সমূহে স্থায়ী জলাবদ্ধাতর সৃষ্টি হয়েছে।পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়ক নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক নির্মাণের একমাস পার না হতেই সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়েছে। নগরপাড়া বাজার সংলগ্ন অংশে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না রাখায় নগরপাড়া বাজারে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে বাজারের দোকানপাটে বেশ কিছুদিন ধরে কেনাবেচা বন্ধ রয়েছে। বাধ্য হয়ে তিন কিলোমিটার দূরে অবস্হিত মুড়াপাড়া বাজারে পাঁচ গ্রামের জনসাধারন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাবেচা করছে। অপরিকল্পিত ভাবে সড়ক তৈরী করায় নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়াসহ পাঁচ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। জলাবদ্ধতা স্থায়ী হওয়ায় পঁচা ও দুর্গন্ধযুক্ত পানিতে হাঁটাচলা করতে গিয়ে শিশু, কিশোরসহ অনেকেই এখন মারাত্মক চর্মরোগে ভুগছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরপাড়া বাজারে এখন হাঁটু সমান পানি বিরাজ করছে।
কোন কোন স্থানে কোমর পর্যন্ত পানি জমে আছে। সামান্য বৃষ্টি হলেই নগরপাড়া বাজার পানির নিচে তলিয়ে যায়। পানির রং কুচকুচে কালচে হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত পানির মধ্যে শিক্ষার্থীরা স্কুল-কলেজে আসা যাওয়া করছে। অনেকের শরীরে তীব্র চুলকানি ও চর্মরোগ দেখা দিয়েছে। নগরপাড়া গ্রামের বিল্লাল হোসেন বলেন, পানি নিষ্কাশনের জন্য সড়কে পাইপ না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরপাড়া বাজার এখন পানির নিচে।
এতে কেনাবেচা বন্ধ হয়ে গেছে। নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলের শিক্ষার্থী রাহিদ ও রাশিদ বলেন, পঁচা দুর্গন্ধযুক্ত সৃষ্ট জলাবদ্ধতার পানি দিয়ে স্কুলে আসা যাওয়া করায় শরীরে চুলকানি দেখা দিয়েছে। নগরপাড়া বাজারের মুদি দোকানদার আবুল হাশেম বলেন, দোকানের ভেতরে পানি ঢ়ুকে যাওয়ায় কেনাবেচা বন্ধ হয়ে গেছে। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়কের প্রয়োজনীয় স্থানে দ্রুত পানি নিষ্কাশনের পাইপ স্থাপন করা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।















