ঢাকার আশুলিয়ার প্রধান শিল্পাঞ্চল জামগড়া চৌরাস্তার চৌধুরী মার্কেট এলাকায় পুলিশ অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেক দোকানপাট ও মার্কেট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে আনুমানিক ১৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশও প্রায় ৬ রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশ জানিয়েছে,অভিযুক্তকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গ্রেফতারের তথ্য পুলিশ নিশ্চিত করেনি।












