ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির আন্দোলনরত ছাত্র- তরুণদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (২৫ জুলাই) বিকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান। নাহিদ ইসলাম বলেন, আমরা শুনতে পেলাম, ভারতের শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে, তিনি পদত্যাগ করেছেন। আমরা ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। এই যে দেশে দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।
তিনি বলেন, জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, নির্বাচনের পরে এখানে যে সরকার এসেছে; আমরা আশা করেছিলাম তারা জন রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম, জনগণের রায়কে তারা অবজ্ঞা করা শুরু করেছে। ৭০ শতাংশ জনগণের রায় দিয়েছে সে রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায়, ১৪০০ শহীদের আত্মত্যাগের কথা ভুলে যায় তাহলে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।
সংস্কার বনাম সংশোধন এর বিতর্ক ঐকমত্য কমিশনে শেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেসময় বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছে। তারা এখন সংস্কার বুঝে না অথচ তারা ৩১ দফায় সংস্কারের কথা বলা হয়েছে। কিছু দালাল বুদ্ধিজীবী সংশোধনের পক্ষে কথা বলছে। দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কারের মূলা ঝুলিয়ে গত ১৭ বছর আন্দোলন করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন











