সর্বশেষ

বিপিএল ফিক্সিং: বিসিবির অভিযোগে সাবেক তিন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি।অভিযুক্ত তিনজন হলেন—বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে তাদের বিরুদ্ধে ম্যাচের ফল বা অগ্রগতিতে অনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা, দুর্নীতিতে জড়ানোর জন্য প্ররোচনা বা সহযোগিতা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার পর তা যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়া এবং তদন্তে অসহযোগিতা বা তদন্ত বাধাগ্রস্ত করার মতো অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন।

বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। পরে তাকে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর প্রথমে অডিট কমিটির চেয়ারম্যান পদ এবং পরে বিসিবির পরিচালক পদ থেকেও তিনি পদত্যাগ করেন। এবার বিসিবির তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মুখলেসুর রহমানের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ রয়েছে। আইসিসির অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৭ ধারায় এসব অভিযোগ আনা হয়েছে।

সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপের প্রথম আসরে বিরুলিয়া চ্যাম্পিয়ন

২.১.১ ধারায় বিপিএলের ১২তম আসরের কোনো ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা কিংবা অন্য কোনো বিষয়ে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করা বা তা করার চেষ্টা করার অভিযোগ রয়েছে। ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর জন্য সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত কিংবা সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ২.৪.৪ ধারায় দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার পর তা নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে বিলম্ব না করে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। ২.৪.৭ ধারায় সম্ভাব্য দুর্নীতির তদন্তে গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। বিসিবির সাবেক এই সিকিউরিটি লিয়াজোঁ অফিসারের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৬ ধারায় অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে বিপিএলের ম্যাচের ফল বা অগ্রগতিতে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত বা সহযোগিতা করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ডিএসিওর পরিচালিত দুর্নীতিবিরোধী তদন্তে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা না করা অথবা তদন্তের জন্য জারি করা ডিমান্ড নোটিশ মেনে না চলার অভিযোগও আনা হয়েছে।

বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে আইসিসি অ্যান্টি-করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার তথ্য যথাসময়ে ডিএসিওকে জানাতে ব্যর্থ হওয়া এবং দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে তিনজনকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের জবাব পাওয়ার পর পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বিপিএল ফিক্সিং: বিসিবির অভিযোগে সাবেক তিন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার