ছয় দফা না মানলে সরকারের পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকার ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফা আন্দোলনে রূপ নেবে এবং সেই এক দফা হবে সরকারের পদত্যাগ—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা করে এবং প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে ছয় দফা দাবি আদায়ের জন্য তারা মাঠে নেমেছেন। তার দাবি, দেশের প্রতিটি প্রান্তে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন সংগ্রাম শুরু হয়েছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছয় দফা দাবি মেনে নেওয়া উচিত। দাবি বাস্তবায়ন না হলে ছয় দফা এক দফায় পরিণত হবে, আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।
লংমার্চে অংশ নেওয়া নিয়ে নানা প্রশ্নের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, অনেকে জানতে চান এত টাকা খরচ করে তেলের পেছনে ব্যয় করে কেন তারা লংমার্চে যাচ্ছেন। তার ভাষ্য, সরকারের গদি নড়ে গেছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।
একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি।
কুমিল্লার মানুষের রাজনৈতিক অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা করে এবং জীবনে কখনো মাথা নত করে না। চাঁদাবাজদের কাছেও তারা মাথা নত করবে না বলে মন্তব্য করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেকে।














