সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষটির দরজা ও জানালা সাধারণত বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি।
শুক্রবার রাতে ওই কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। এ কারণে এটি হত্যাকাণ্ড কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তদন্ত শেষ হওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে।














