দেশের চলমান গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন—‘No gas no bill, No service no tax’, অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয় এবং সেবা না মিললে কর নয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রুমিন ফারহানা।সংসদে তিনি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিয়মিত পরিস্থিতির সমালোচনা করেন। এ সময় তিনি বলেন, মানুষ গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে বলে—‘টুকু আসে, টুকু যায়’।
তার বক্তব্য অনুযায়ী, কখন গ্যাস বা বিদ্যুৎ আসে এবং কতক্ষণ থাকে, তা নিয়েই সাধারণ মানুষের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক পোস্টের মাধ্যমে তিনি নাগরিকরা যে সেবা পাচ্ছেন না, সেই সেবার বিপরীতে বিল ও কর আদায়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।














