নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন হামলা করে কলেজের দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে। ৫ সেপ্টেম্বর শনিবার রাতে এ ঘটনাটি সংঘটিত হয়।
আহতদের রূপগঞ্জ ইউনিয়নস্হ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলতেছিল। এরই জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামিন সহ ১৫/১৬ জনের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যায়। এসময় বাবুল মিয়াকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন(১৯) ও সিফাত হোসেনকে(২৩) একটি দোকানে বসা অবস্থায় পেয়ে তাদের উপর হামলা চালায়।
হামলাকারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে তাদের গুরুতর জখম করে ফেলে। এসময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা সাত্তার আলী(২৪) নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে।
একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় । পরে
আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আলতাফ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
















