জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান মনে করেন, প্রস্তাবিত আইনে এমন কোনো বিধান থাকা উচিত নয়, যা মুসলিমদের প্রচলিত পারিবারিক ও সামাজিক আইনব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হয়।
রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান তারা।
বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের সম্মানজনক জীবনযাপনের সুযোগ করে দেওয়া সন্তানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ইসলামে পিতা-মাতার অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই প্রবীণদের সুরক্ষায় সরকারের নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগকে তারা স্বাগত জানান।
তবে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ইসলামী বিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা।
হেফাজত নেতাদের বক্তব্য, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা এবং মালিকানা হস্তান্তরের বিষয়গুলো শরিয়াহভিত্তিক ফারায়েজের বিধানের সঙ্গে সম্পর্কিত। ফলে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি বা আইনি ধারা যুক্ত করার আগে তা ইসলামী মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
তাদের মতে, সরকার প্রস্তাবিত ব্যবস্থাকে সাধারণ সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি হিসেবে বিবেচনা করলেও এর বাস্তব প্রয়োগ যেন কোরআন-সুন্নাহ নির্ধারিত উত্তরাধিকার ব্যবস্থাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে।
বিলটি চূড়ান্ত করার আগে দেশের বিশিষ্ট মুফতি, ফকিহ এবং ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
একই সঙ্গে শরিয়াহ বোর্ডের মাধ্যমে পুরো বিলটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনারও দাবি জানানো হয়েছে।
হেফাজত নেতাদের মতে, এর মাধ্যমে একদিকে যেমন পিতা-মাতার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে সুন্নাহসম্মত হেবা এবং মিরাসের বিধানও অক্ষুণ্ন রাখা যাবে।
















