ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর দলে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি তদন্তের আওতায় এসেছেন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক।
তদন্তের অংশ হিসেবে দুই ক্রিকেটারের মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)—এমন তথ্য জানিয়েছে পাকিস্তান অবজার্ভার।
প্রতিবেদন অনুযায়ী, লর্ডসে পরাজয়ের পর তদন্তের পরিধি বাড়ানো হয়। দলের সঙ্গে ইংল্যান্ডে থাকার সময় দুই ক্রিকেটার কার সঙ্গে যোগাযোগ করেছেন, কী ধরনের কথাবার্তা হয়েছে এবং তাদের সামগ্রিক কার্যক্রম—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, লর্ডস টেস্ট শেষে দল হোটেলে ফেরার পর নিরাপত্তা কর্মকর্তারা রিজওয়ান ও ইমামের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেন। ফোনের কিছু তথ্য অন্যত্র স্থানান্তর করার পর কয়েক ঘণ্টার মধ্যেই ডিভাইস দুটি খেলোয়াড়দের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তবে ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে পিসিবির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তদন্তে কোনো ধরনের অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে দুই ক্রিকেটারের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, শাস্তিমূলক ব্যবস্থা কিংবা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। এমনকি ভবিষ্যতে জাতীয় দল থেকেও তাদের বাদ পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
অবশ্য ক্রিকেটারদের ফোন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি পিসিবির এক মুখপাত্র। একই সঙ্গে তদন্ত শেষে সম্ভাব্য শাস্তির বিষয়েও বোর্ড কোনো মন্তব্য করেনি।











