কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম এখন কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার।ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে তার ভোটার ঠিকানা ছিল কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
এনসিপি ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তারিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত এই নেতা বর্তমানে দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করা তারিকুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কাজ করছেন।
ভোটার এলাকা পরিবর্তনের পর আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে আর কোনো ভৌগোলিক বাধা থাকল না।তারিকুলের পাশাপাশি এনসিপির আরও দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তনের ঘটনাও রাজনৈতিক আলোচনায় এসেছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার হয়েছেন। আর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ থেকে উত্তরের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।
এই পরিবর্তনের ফলে প্রশ্ন উঠেছে, আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে এনসিপি কি বড় ধরনের নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছে?দলটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই সিটি করপোরেশনেই এনসিপি জয় পেতে চায় এবং ওই দুই নেতাকে সংশ্লিষ্ট এলাকায় প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। তার মতে, সে কারণেই তাদের ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।তবে এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।











