জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করেছেন। নতুন করে তাকে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার ছিলেন।নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুসরণ করেই ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন এনসিপির এই নেতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন যাচাই-বাছাই করার পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র পরীক্ষা করে অনুমোদন দেয়।
ভোটার এলাকা স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনের ফরম-১৩ ব্যবহার করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করা হয়েছে।প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন তিনি ঢাকা-৮ আসনের ভোটার।তার এই ভোটার এলাকা পরিবর্তন এমন সময়ে সামনে এসেছে, যখন সিটি করপোরেশন ও জাতীয় পর্যায়ের সম্ভাব্য নির্বাচনী সমীকরণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। ফলে নাসীরুদ্দীন পাটওয়ারীর নতুন নির্বাচনী ঠিকানা নিয়ে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।











