চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে মেরামতের সময় একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।দুর্ঘটনাটি ঘটে কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে। জাহাজটির মেরামত ও পরিদর্শনের কাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন জাহাজটিতে মোট ৪২ জন অবস্থান করছিলেন।
এর মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আহত আরও পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত ও সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটির নাম ‘Ocean Melody’ বলে শনাক্ত করা হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল। শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় প্রতিষ্ঠানের অধীন।












