দেশে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক অবনতির প্রেক্ষাপটে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে কেবল চিকিৎসা নয়,বরং সর্বস্তরের মানুষের কার্যকর সচেতনতা ও পরিচ্ছন্নতা জোরদারের তাগিদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬)সাভারের আশুলিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক লিফলেট বিতরণ ও পথসভায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।
কর্মসূচিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.মো.রফিকুল ইসলাম উপস্থিত সাধারণ মানুষ,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,”ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না,একই সাথে জনসচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ঘরবাড়ি,আঙিনা ও চারপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা,পরিত্যক্ত পাত্র ও টায়ারে জমানো পানি যাতে তিন দিনের বেশি না থাকে, তা নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব।”
অধ্যাপক ডা.রফিকুল ইসলাম আরও উল্লেখ করেন যে,ডেঙ্গু নিয়ন্ত্রণ কোনো একক সংস্থার কাজ নয়। ব্যক্তি,পরিবার,সমাজ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগেই এ মরণব্যাধি সামলানো সম্ভব। জ্বর বা ডেঙ্গুর সম্ভাব্য যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা বা ভুল চিকিৎসা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিকালে আশুলিয়া বাজারের বিভিন্ন দোকানপাট,বসতবাড়ি এবং সড়কে কর্মরত রিকশা ও ভ্যানচালকদের সাথে চিকিৎসকরা ব্যক্তিগতভাবে কথা বলেন এবং ডেঙ্গু থেকে সুরক্ষায় কী কী করণীয় তা সহজ ভাষায় বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাংসদ ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু) এমপি।
কর্মসূচিরে আরও অংশ নেন ডা. মাহবুবুল ইসলাম খন্দকার, ডা. জামশেদ আলী, ড. মুনতাসীর,ডা.শাকিল,ডা.নাহিদ,ডা.আকাশ, ডা.রাজু,ডা.মিথুন,ডা.ইনজামাম,ডা.মোহিব মিরাজ,ডা.ফয়সাল এবং যুব ও ছাত্রনেতা ফরহাদ সরকার,আলভী,রাফি,ফাহিম শাহরিয়ার,অনিরুদ্ধ,সাকিব,জীম,আরাফসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলটি আশুলিয়া ও আশপাশের এলাকায় এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
















