যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুরা পাঁচ, আট ও ১১ বছর বয়সি ছিল। এ ছাড়া সাত বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষককে গুরুতর আহত অবস্থায় বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে ১৬ বছর বয়সি বেন্ডের এক কিশোরকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে হামলাকারী। সে আগে কখনো ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ প্রধান ক্রান্টজের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সহায়তা চেয়ে প্রথম ফোন আসে। পরবর্তী কয়েক মিনিটে আরও বহু ফোন পান জরুরি সেবাকর্মীরা।














