সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ,রেকর্ড অর্থ বরাদ্দ,বর্ধিত ছুটি, সুদৃঢ় নিরাপত্তা ও সর্বোচ্চ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে এক যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকার বনানী পূজার মাঠে ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী পূজা প্রাঙ্গণে দুর্গা মায়ের আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন এবং বিশেষ শারদীয় সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের সংবিধান দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্মচর্চা, উপাসনালয় নির্মাণ এবং বৈষম্যহীনভাবে অনুষ্ঠান উদযাপনের পূর্ণ অধিকার সুনিশ্চিত করেছে।”
তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বলেন, “সংবিধান কাউকে ‘সম্প্রদায়’ হিসেবে চিহ্নিত করে না। আমরা কেউ এখানে সম্প্রদায় নই, বরং আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।” অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থ ও ভোটব্যাংক হিসেবে ব্যবহারের অপচেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, বর্তমান সরকার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে সকলের সমান অধিকারকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে।
এবারের বনানী পূজামণ্ডপের মূল থিম নির্ধারিত হয়েছে ‘জলজ’। দেশীয় সংস্কৃতি, প্রাকৃতিক উপাদান ও নিজস্ব আমেজে নির্মিত মণ্ডপের নান্দনিক সাজসজ্জার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্য ও মৌলিকত্বকে রূপায়িত করার এই প্রয়াস সত্যিই অসাধারণ ও অনুসরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারী। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সম্মানিত রাষ্ট্রদূত ও ডিপ্লোমেটিক কোরের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন)। গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে এবং সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।
সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশের কারণে এবারের শারদীয় দুর্গোৎসব সাধারণ মানুষের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করেছে।













