বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙিনা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং স্কাউট সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকার বিষয়ে আলোচনা করেন। ডেঙ্গু মোকাবেলায় কেবল পরিচ্ছন্নতা কর্মী বা সরকারের ওপর নির্ভর না করে নিজেদের আঙিনা পরিষ্কার রাখা এবং আশেপাশের মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তরুণ ও যুবসমাজই আগামীর বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং সামাজিক সচেতনতা অনুশীলনের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব।” তিনি বিএনসিসি ও স্কাউটস সদস্যদের সামাজিক দায়বদ্ধতামূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।
পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা দেশের প্রধানমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন এবং তাঁর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা বাড়াতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।












