প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের হকারমুক্ত এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ফুটপাত পথচারীদের ব্যবহারের জন্য সার্বক্ষণিক উন্মুক্ত রাখা এবং ফুটপাতে কোনো প্রকার অবৈধ দখল ও শৃঙ্খলাভঙ্গ রোধে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন। একই সাথে, উচ্ছেদ হওয়া হকারদের যেন যথাযথ পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের সুব্যবস্থা করা হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় জনগণের সাথে কথা বলে ফুটপাতের বর্তমান অবস্থা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”নগরীকে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা জরুরি। তবে এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে তাদের জন্য বিকল্প স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।”
এ সময় প্রধানমন্ত্রীর সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে হকারমুক্ত এলাকা বজায় রাখতে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে নগরবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেন এবং নগরজুড়ে ফুটপাত দখলমুক্ত রাখার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।













