শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আবহ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে সাভারের বিরুলিয়া উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্দিরে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় পুণ্যার্থীরা সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন,পূজার সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে এমপি বলেন,বাংলাদেশ চিরকালই অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্যের দেশ। উৎসব যার যার,কিন্তু আনন্দ সবার। হাজার বছরের এই ভাইচারার ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির প্রশংসা করেন এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিরুলিয়া উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা পর্ষদের কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই ঝটিকা পরিদর্শনে স্থানীয় পুণ্যার্থী ও উৎসবপ্রেমী সাধারণ মানুষের মধ্যে উৎসবের উদ্দীপনা আরও বহুগুণ বৃদ্ধি পায়।














