কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে টুপটুপ রিসোর্টটি পুরোপুরি পুড়ে যায় । এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে রিসোর্টের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়।
আগুনে রিসোর্টের অধিকাংশ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় ভেতরে আরও মরদেহ বা আহত ব্যক্তি রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে সরে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে মোট কতজন পর্যটক অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।









