জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করা হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম নেতৃদ্বয়ের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ফাতিহা পাঠ করা হয়।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমাজসেবামূলক ও মানবকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমকে পাথেয় করে এ প্রতিষ্ঠানটি দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।















