শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন করতে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে নেমে সড়কপথে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি সৈয়দপুর থেকে রংপুরের পথে রওনা হয়।
সফরসূচি অনুযায়ী, রংপুরে পৌঁছে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে কর্মসূচি শেষ করে তিনি আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। এরপর বিমানযোগে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে তার। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর কর্মসূচি শেষ করে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি। সেখানে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে দিনের সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।















