যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারত পৌঁছেছেন। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় সরকারি ভারত সফর। সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভারতে আসার আগে উজবেকিস্তান সফর করেন রুবিও। সেখানে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানান তিনি। উজবেকিস্তান থেকে মুম্বাইয়ে পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
মুম্বাই থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গত মে মাসে ভারত সফর করেছিলেন মার্কো রুবিও। সে সময় তিনি নয়াদিল্লি ও কলকাতা ভ্রমণের পাশাপাশি তাজমহল পরিদর্শন করেন। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে এবারের সফরে মোদির সঙ্গে তাঁর সাক্ষাতের কোনো কর্মসূচি রাখা হয়নি।
সফরের অংশ হিসেবে গুজরাট রাজ্যের জামনগরেও যাওয়ার কথা রয়েছে মার্কো রুবিওর। বন্দরনগরী জামনগর ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে প্রতিষ্ঠানটির বৃহৎ তেল শোধনাগার অবস্থিত, যা বিশ্বের বৃহত্তম শোধনাগার হিসেবে পরিচিত।
এ ছাড়া ২০০৮ সালের ভয়াবহ মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহত ১৬৬ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে।
রুবিওর এই সফরে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।















