পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় সূর্য বেগম (৫৫) নামের এক মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার একমাত্র মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ১০টায় উপজেলার লক্ষীকোল গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সূর্য বেগম লক্ষীকোল গ্রামের অন্ধ লোকমান সরদারের স্ত্রী। দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযুক্ত একমাত্র ছেলে উদ্দিন সরদার (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তার মাদকের আসক্তির কারণে কিছুদিন আগে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে সূর্য বেগম নিজ বাড়িতে রান্না করছিলেন। এ সময় উদ্দিন সরদার বাইরে থেকে এসে মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উদ্দিন তার হাতে থাকা ঘাস কাটার কাঁচি দিয়ে পেছন থেকে মায়ের গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর উদ্দিন ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে অভিযুক্ত উদ্দিনকে গ্রেফতার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ফরিদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
















