জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের পর বাতিল করা হয়েছে নির্ধারিত ফ্লাইট। উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পান সংশ্লিষ্ট কর্মীরা। পরে বিশেষজ্ঞরা সেটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন।জাপান ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ অক্টোবর) ঘটনাটি ঘটে। মঙ্গলবার জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার কোম্পানি (জেএসি) এ বিষয়ে তথ্য জানায়।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ৪০ সেন্টিমিটার। সোমবার দুপুর ১টার দিকে ফুকুওকা বিমানবন্দরে বিমানটির এক মেকানিক কার্পেটের নিচে সাপটি দেখতে পান।পরে বিশেষজ্ঞরা সেটিকে জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন এবং উদ্ধার করেন। তবে কীভাবে সাপটি বিমানের ভেতরে প্রবেশ করল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেএসি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ঘটনা আগে ঘটেনি।
বিমানটি ওই দিন শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় এসেছিল। একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে সেটির কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের প্রস্তুতিকালে সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।
বিমানের ভেতরে জীবন্ত সাপের উপস্থিতি কীভাবে ঘটল, তা নিয়ে তদন্ত ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তবে ঘটনাটির কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত ফ্লাইট পরিচালনা করা হয়নি।














