সাভারের বিরুলিয়া এলাকার সামাইর বাইতুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব মাওলানা সিদ্দিক বশির সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্র ও সহকর্মীদের সাথে কথা বলে জানা যায়,মঙ্গলবার (২০অক্টোবর ২০০৬)সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে কেনাকাটার উদ্দেশ্যে মিরপুর গিয়েছিলেন মাওলানা সিদ্দিক বশির। বাজার সম্পন্ন করে ফেরার পথে মিরপুর এলাকার ‘মুফতি মিজান সাহেবের মসজিদ মার্কেটে’র সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বাইতুল আমান জামে মসজিদের বর্তমান ইমাম ও খতীব মাওলানা মুহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজার শেষে বাড়ি ফেরার পথেই তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। অত্যন্ত সহজ-সরল, অমায়িক ও পরহেজগার ব্যক্তিত্ব হিসেবে তিনি এলাকায় সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছোট শিশুসন্তান রেখে গেছেন। দুর্ঘটনার পর নিহতের মরদেহ সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। থানা চত্বরে মরদেহের পাশে শোকস্তব্ধ ও অসহায় অবস্থায় নিহত ইমামের পরিবারকে অবস্থান করতে দেখা যায়।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় আলেম-ওলামা ও বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
তবে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে সাভার মডেল থানা পুলিশের বক্তব্য গ্রহণের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।















