যশোরের শার্শায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন (৪০) নামের এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী-যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সার্কেলের একটি বিশেষ টিম নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দিনকে গতিরোধ করে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে বিশেষভাবে লুকানো ১৮টি স্বর্ণের বার এবং যাতায়াতে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুর ২টার দিকে শার্শা থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এ ধরনের চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
















