আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের নিরাপত্তা ও জনগণের কল্যাণে পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেই ধারাবাহিকতাতেই কার্যক্রম চলেছে। তবে এখন নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করবে। কোনো ব্যক্তি যাতে নিজেদের স্বার্থে এ বাহিনীকে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। নির্বাচিত সরকারের অন্যতম বড় দায়িত্ব হলো জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা।
বিগত সরকারের সমালোচনা করে এ্যানি বলেন, সে সময় সরকারের জবাবদিহির ঘাটতি ছিল। ফলে সরকারের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে স্বর্ণ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ প্রত্যাশিত সুফল পাননি বলে তিনি মন্তব্য করেন।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত সুদৃঢ় হবে, ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসায়ীদের অবস্থানও তত শক্তিশালী হবে।
ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শুধু সরকারের দেশপ্রেম থাকলেই হবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্বর্ণ ব্যবসার সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, এ খাত দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করতে পারে। তবে ব্যবসা-বাণিজ্যের বিকাশের জন্য স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অপরিহার্য। প্রতিটি ব্যবসার সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।












