সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও বন্দরনগরী জেদ্দায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ অক্টোবর) এ সতর্কতা জারি করা হলেও এর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে কী ধরনের ঝুঁকি তৈরি হয়েছে কিংবা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, ইয়েমেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মুখে পড়তে হয়েছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার ঝুঁকিও দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মক্কা ও জেদ্দায় জারি করা সর্বশেষ সতর্কবার্তার সঙ্গে এসব হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।















