গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লাঠিসোঁটা নিয়ে মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে হামলা চালান। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে শেখ হাসিনার পক্ষে মিছিল বের করা হয়। পুলিশ বাধা দিলে মিছিলকারীরা হামলা চালান। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
















