দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্পের উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনবল তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পান। এর ফলে দেশের মানবসম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে।
টেক্সটাইলশিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে দেশীয় তুলা উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তুলা চাষে কৃষকদের আগ্রহী করে তোলা, উৎপাদন খরচ কমানোর কার্যকর পদ্ধতি উদ্ভাবন এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
একই সঙ্গে পাট, আনারসের পাতা ও কলাগাছের মতো প্রাকৃতিক উৎস থেকে তন্তু উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। এসব উপকরণ ব্যবহার করে সুতা উৎপাদন এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়েও গবেষণা বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি।
প্রতিনিধিদল বুটেক্সের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বিশ্ববিদ্যালয়টির অবদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বাজেট বাড়ানোর বিষয়গুলো তুলে ধরা হয়।
এ ছাড়া টেক্সটাইল খাতের বিশেষায়িত জনবল গড়ে তোলার লক্ষ্যে বিসিএসে পৃথক ‘টেক্সটাইল’ ক্যাডার চালু এবং ঢাকার পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য জমি বরাদ্দের বিষয়েও রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।
তাঁদের বক্তব্য শোনার পর রাষ্ট্রপতি উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সাক্ষাৎকালে বুটেক্সের উপাচার্য আগামী বছরের মার্চে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সভাপতিত্ব করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

















