হেলাল শেখ:
ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া বাগবাড়ি রাস্তায় ১২ মাস থাকে জলাবদ্ধতা, এতে জনগণের চরম ভোগান্তি। জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী সর্বস্তরের জনগণ এতেও কোনো সমাধান হয়নি।
শুক্রবার ( ২১ নভেম্বর ২০২৫ইং) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার আশুলিয়ার জামগড়ার বেশি রাস্তার বেহাল অবস্থা, আর জামগড়া বাগবাড়ি রাস্তায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন ও ইঞ্জিনিয়ার লাশন মোঃ মোর্শেদ আলম ভুঁইয়া, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি বকুল ভুঁইয়া বলেন, জামগড়া বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা আর জামগড়া-বাগবাড়ি সড়কে প্রায় ১২ মাস জলাবদ্ধতা থাকে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে, যার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় জনগণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।













