সর্বশেষ

মানিকগঞ্জে নৌপথে সশস্ত্র তাণ্ডব: আরিচাঘাট–কাজিরহাট রুটে আতঙ্ক, মাঝি–মাল্লাদের ওপর হামলা

মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর থানার অন্তর্গত আরিচাঘাট–কাজিরহাট নৌরুটসহ পারুলিয়া ও আলোকদিয়া চড় এলাকায় সশস্ত্র একটি চক্রের ভয়াবহ তাণ্ডব ও জাহাজ শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাতের নদীপথে বারবার হামলা, গুলি ও জাহাজ অবরোধের ঘটনায় পুরো নৌপথজুড়ে নৌযান শ্রমিক, মাঝি–সুকানি ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাতে নদীপথে সশস্ত্র মহড়া ৬ ডিসেম্বর ২০২৫, রোববার রাত ৯টার দিকে পাকুড়িয়ার চড়সংলগ্ন এলাকায় নোঙর করে থাকা অন্তত কয়েকটি বালুবাহী বাল্কহেডে রাতের খাবার প্রস্তুতির সময় হঠাৎই তিনটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে মুখোশধারী প্রায় ২৫ জন হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান—হ্যান্ডমাইকে অশ্রাব্য গালাগাল ও হুমকি দিতে দিতে তারা ট্রলার থেকে ইট–পাটকেল ছুড়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে।

স্টাফদের অভিযোগ, সশস্ত্র কয়েকজন জাহাজে উঠে লোহার রড ও স্টিল পাইপ দিয়ে একাধিক মাঝি–মাল্লাকে মারধর করে গুরুতর আহত করে। এরপর জাহাজ ফাঁকা করে নদী ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়; তা না মানলে গুলি করে নদীতে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

হামলাকারীরা আকাশে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে এবং আরও কয়েকটি চলন্ত বাল্কহেডকে ধাওয়া করে নদীপথে ছড়িয়ে পড়ে। এক হামলাগ্রস্ত মাঝির ভাষায়,“আমরা গরিব মানুষ, নদীতে কাজ করে বাড়ির ভাত জোটাই। কিন্তু এই সশস্ত্র তাণ্ডবের কারণে প্রতিদিন আতঙ্কে কাটে। প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।”

রূপগঞ্জে ডহরগাও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ

পারুলিয়া–আলোকদিয়া এলাকায় ১২টি বাল্কহেড অবরুদ্ধ করার অভিযোগ রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার পারুলিয়া ও আলোকদিয়া চড় এলাকাতেও একই চক্র প্রায় ১২টি বাল্কহেড ঘিরে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি—সশস্ত্র দলের নেতৃত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান প্রিন্স নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, রাহাতপুর বালুমহলের ইজারাদার হওয়ার পর তিনি নাকি নির্ধারিত এলাকার বাইরে জনবসতিপূর্ণ এলাকা থেকেও জোরপূর্বক বালু উত্তোলন করতেন। এর প্রতিবাদে গত ১৯ নভেম্বর বাঘুটিয়া বাজারে এলাকাবাসীর মানববন্ধনের সময় সংবাদ সংগ্রহে যাওয়া কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

নির্যাতন,অবৈধ অস্ত্র ও নৌপথে অস্থিরতা:মাঝিমাল্লাদের আটকে শারীরিক নির্যাতন, অবৈধ আগ্নেয়াস্ত্র বহন, জাহাজে হামলা ও অবরোধের ঘটনার ফলে নৌপথে নিরাপত্তাহীনতা তীব্র আকার ধারণ করেছে। শ্রমিকদের দাবি—রাতে নদীপথে চলাচল কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বালুবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়ে ব্যবসা–বাণিজ্য ও পরিবহনক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে।

সরেজমিনে কিছু এলাকায় গুলির খোসা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও প্রশাসনের অবস্থান:ঘটনা সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন,“ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে অবিলম্বে তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নবনির্বাচিত এমপির কাছে খোলা চিঠি

এদিকে আক্রান্ত নৌযান শ্রমিকরা দ্রুত নিরাপত্তা জোরদার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান—ঘটনার বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না।“আপনারা বিষয়টি জানালেন। খোঁজ নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”—বলেন জেলা প্রশাসক।

নৌপথে সশস্ত্র হামলা,গুলি, জাহাজ অবরোধ ও শ্রমিক নির্যাতনের মতো ভয়াবহ পরিস্থিতির কারণে মানিকগঞ্জের নদীপথ এখন আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র তাণ্ডবকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত, দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT