পৌষের হাড়কাঁপানো শীতকে হার মানিয়েছে তারুণ্যের উন্মাদনা। ঢাকার দোহার উপজেলার জামালচর গ্রামে ‘স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজন করা হয় জমজমাট টেপ টেনিস শর্ট বাউন্ডারি T20 ক্রিকেট টুর্নামেন্ট। ফ্লাডলাইটের ঝলমলে আলো আর ব্যাটে-বলের ঠকঠক শব্দে কয়েক ঘণ্টা মুখরিত ছিল ঢাকাস্থ দোহার উপজেলার জামালচর গ্রাম।
আজ ১৪ জানুয়ারি, ২০২৬, শীতের রাতে বিনোদনের খোরাক জোগাতে প্রতি বছরের মতো এবারও এ টুর্নামেন্টের আয়োজন করেছিল স্থানীয় যুবকেরা। গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় আলো ও চারপাশে বাউন্ডারি দিয়ে তৈরি করা হয়েছে খেলার মাঠ। টেপ টেনিস বলে খেলা হওয়ায় এটি স্থানীয়দের কাছে ‘শর্ট পিচ’ ক্রিকেট হিসেবেও পরিচিত। টুর্নামেন্টে জামালচরসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের যুবকেরা এতে অংশগ্রহণ করে।
খেলা শুরু হওয়ার পর থেকেই মাঠের চারধারে ভিড় জমিয়েছিল সব বয়সের মানুষ। ছোট বাউন্ডারিতে দ্রুত রান তোলার চ্যালেঞ্জ আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দর্শকদের মাঝে টানটান উত্তেজনা তৈরি করেছিল। মাঠের পাশে ধারাভাষ্যকারের কণ্ঠ আর দর্শকদের হাততালিতে জামালচর গ্রাম এক উৎসবের জনপদে পরিণত হয়েছিল ।
জামালচর গ্রামে কয়েকজন যুবক জানান, “মাদক ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে শীতের অলস রাতে তরুণদের শারীরিক কসরত ও সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের এই আয়োজনকে সফল করেছে।”
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন স্থানীয় এলাকার শহিদ দেওয়ান।













