ঢাকার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনার জন্য পূর্বে জারিকৃত চেয়ারম্যান নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক স্মারকে জনস্বার্থে আগের আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্মারক অনুযায়ী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নির্দেশনা এবং সংশ্লিষ্ট একাধিক স্মারকের আলোকে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম গতিশীল ও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকলে গ্রাম আদালত আইন, ২০০৬-এর ধারা ৫(২) অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যে কোনো সদস্যকে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে।
এই ধারার আলোকে ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য জনাব মোঃ মমতাজ উদ্দিন মোন্তাজকে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য পূর্বে নির্দেশ প্রদান করা হয়েছিল। তবে সর্বশেষ জারিকৃত স্মারকে সেই আদেশ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করে তার অপসারণের দাবি জানান। এছাড়া সম্প্রতি পরিষদ ভবনের ভেতরে একটি পক্ষের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
তবে স্মারকে নিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, জনস্বার্থ ও প্রশাসনিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার স্বার্থে সৎ, যোগ্য ও সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি জেলা প্রশাসক, ঢাকা; উপপরিচালক (স্থানীয় সরকার), ঢাকা; প্রশাসক, ধামসোনা ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
অব্যহতির বিষয়ে মমতাজ উদ্দিন মন্তাজ মেম্বারের নিকট জানতে চাইলে, তিনি অব্যহতির বিষয়টি সত্য বলে জানান।













