সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে পটুয়াখালী জেলা থেকে আলোচনায় রয়েছেন নাজমুন নাহার নাজু ও সালমা আলম লিলি। দুজনই তৃণমূলের নেতা-কর্মীদের ভালোবাসার সমর্থন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে সংসদ সদস্য হতে ইচ্ছে প্রকাশ করেছেন।
তবে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির রাজনীতিতে ভারসাম্য রক্ষা ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে সালমা আলম লিলি তালুকদারকে দেখতে চায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি তালুকদারকে ঘিরে বাউফল উপজেলা ও পৌর এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সালমা আলম লিলি তালুকদার দীর্ঘদিন ধরে বাউফলের রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ। তিনি বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী এবং পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি পটুয়াখালী-২ আসন বাউফলে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তৃণমূলের আস্থা অর্জন করেন।

এবিষয়ে সালমা আলম লিলি তালুকদার বলেন, “২০১৮ সালের নির্বাচনে প্রতিকূল পরিবেশেও আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। দীর্ঘ স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় থেকেছি। বাউফলে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে বড় পরিসরে কাজের সুযোগ দেয়, তাহলে আমি সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য নাজমুন নাহার নাজু বলেন, ৯০ দশক থেকেই আমি বিগত দিনগুলোতে বিএনপির রাজনীতির সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। সারাটি জীবন আমি এ দলের জন্য কাজ করে যেতে চাই। বিগত আওয়ামী লীগ শাসনামলে অনেক বাঁধা-বিপত্তি সত্বেও সাহস ও জনগণের ভালোবাসা নিয়ে বাউফলে দু-দুটি উপজেলা নির্বাচন করেছি। বিএনপির জন্য একজন নিবেদিত কর্মী আমি নাজমুন নাহার নাজু কাজ করে যেতে চাই। তাই ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে একজন সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছি।
সংসদ সদস্য হতে পারলে পটুয়াখালী নিয়ে তার ভাবনা কি এমন প্রশ্নের জবাবে নাজমুল নাহার নাজু জানান, দলের পাশে থেকে এবং দলীয় নির্দেশ মেনে দলের ঘোষণাকৃত সকল কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন। বিশেষ করে দুস্থ ও অসহায় নারীদের পাশাপাশি সমাজের সকল নারীদের কল্যাণে কাজ করবেন বলে জানান তিনি।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাউফলে অনেক নেতা-কর্মী সহিংসতার শিকার হয়েছেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “এই কঠিন সময়ে তৃণমূলের মনোবল ধরে রাখতে অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। তবে সংরক্ষিত আসনে মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।” (০১/০৩/২০২৬)













