সর্বশেষ

চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের

অনলাইন ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে চালকের ঘুমের ঘোরে ট্রাক উলটে ৭ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার ভোরে উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দেবিদ্বার উপজেলায় কাভার্ডভ্যানচাপায় বুধবার মা-ছেলে নিহত হয়েছেন। খুলনায় দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী-স্ত্রী। নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই ভাই। এছাড়া সাত স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে রাজধানীতে অজ্ঞাতনামা নারীসহ দুজন, বগুড়ায় গৃহবধূসহ চারজন, নাটোর ও গাইবান্ধায় দুই যুবক, পটুয়াখালীতে ব্যাংক কর্মকর্তা এবং ফেনীতে পিকআপের হেলপার ও বরগুনায় ব্যবসায়ীসহ দুজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা ও দেবিদ্বার: নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক মিয়া, একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া, বিষু, আবু হোসেন এবং আব্দুর রশিদ। তারা সবাই দিনমজুর।

হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। কম ভাড়ায় একদল শ্রমিক ট্রাকের ওপর চড়ে তাদের কর্মস্থলে যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতদের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, সম্ভবত চালক ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালাচ্ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

এদিকে দেবিদ্বার উপজেলায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাযাত্রী মা রৌশন আরা বেগম ও শিশু ছেলে ইয়ামিনের মৃত্যু হয়েছে। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকালে পৌর এলাকার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে

রৌশনআরা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের গাজীরহাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় রৌশন আরা বেগমের বাবা তাজুল ইসলাম ও মা মনোয়ারা বেগম গুরুতর আহত হন।

খুলনা : খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাটিয়াঘাটা উপজেলার ভাদগাতি বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ ও তার স্ত্রী লামিয়া বেগম।

নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো-জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন ও সোয়াদ হোসেন।

ঢাকা : রাজধানীর ডেমরা ও খিলক্ষেতের ৩শ ফিট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় লরির ধাক্কায় যুবক কামাল হোসেন এবং ৩শ ফিট সড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। কামাল পেশায় ড্রাইভার ছিলেন। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানার কামতাল বড়বাড়ি এলাকায়। বাবার নাম সৌরভ আলী।

এদিকে নিহত ওই নারীর পরনে কালো বোরকা ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নামপরিচয় জানা যায়নি।

বগুড়া : শাজাহানপুরে বাস-ভটভটি সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার মোকামতলার চকপাড়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার, সকালে আমতলিতে ইজিবাইক উলটে চালক ও মঙ্গলবার বাড়ি ফেরার পথে হাতিবান্ধা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গৃহবধূ নিহত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

নিহতরা হলেন-নওগাঁর মান্দা উপজেলার চক্রঘোনা গ্রামের কাদের বকসের ছেলে ট্রাক হেলপার গোলাম মোস্তফা, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বনতেঘরি এলাকার আবদুর রশিদের ছেলে ইজিবাইকচালক মিনারুল ইসলাম ও বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের ছায়েদ জামানের স্ত্রী খাতেমন বিবি।

সাদুল্লাপুর (গাইবান্ধা) : সাদুল্লাপুর উপজেলার যুবক রফিকুল ইসলাম জীবিকার তাগিদে গাজীপুরে রিকশা চালাতেন। সেখানে ১১ এপ্রিল রাস্তা পারের সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি আহত হন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রফিকুল পাতিল্যাকুড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে যুবক রাহুল ইসলাম বাদশার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাদশা শেরপুরের সদর উপজেলার গৌরীপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

দুমকি (পটুয়াখালী) : দুমকিতে পিকআপচাপায় সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ খান নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। হারুন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা।

ফেনী : ফেনীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার শাহ আলমের মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার চান্দিনা থানার বদরপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আমতলী (বরগুনা) : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যাত্রী মিরাজুল ইসলাম শাওন ও ব্যবসায়ী বেল­াল মুসুল্লী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেল্লালের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তার বাবার নাম হাসেম মুসুল্লী। অপরদিকে নিহত শাওনের বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তার বাবার নাম গাজী শাহজাদা।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ এপ্রিল ২০২৬
Trulli

চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের