পড়াশোনায় ভালো ফল অর্জনের পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাজীবনে খেলাধুলা, শিল্প-সংস্কৃতির চর্চা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব পরামর্শ দেন।
সাক্ষাৎ করা শিক্ষার্থীরা কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবন শেষে তারা বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে। তবে পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মানুষের দায়িত্ব শুধু নিজের জীবন ও ভবিষ্যৎ গড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার, সমাজ, চারপাশের মানুষ এবং পরিবেশের প্রতিও প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন সম্ভব।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে শিল্প-সংস্কৃতির চর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জানার মাধ্যমে নিজেদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।
শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া কিংবা পাঠ্যবইয়ের বিষয় মুখস্থ করাই শিক্ষার মূল লক্ষ্য নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বহুমুখী শিক্ষা, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ তাদের ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করবে এবং একজন সচেতন ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
শিক্ষার্থীদের এই পরামর্শের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরেন।



















