দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত পাঠ্যসূচিতে এআইয়ের পাশাপাশি রোবটিক্স, মেশিন লার্নিং, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক প্রযুক্তির বিষয়ও রাখা হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন পাঠ্যক্রমে প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি এআইয়ের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
শ্রেণিভেদে থাকছে প্রযুক্তির বিভিন্ন বিষয়
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে এআই, এআই-সক্ষম বিভিন্ন টুল, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি এবং রোবটিক্সের প্রাথমিক ধারণা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সপ্তম শ্রেণিতে শিক্ষার্থীরা এআইভিত্তিক সার্চ টুল, জ্ঞান অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে জানবে। অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, প্রযুক্তিনির্ভর ব্যবসা-বাণিজ্য, নতুন কর্মসংস্থান, দূরবর্তী কাজ ও ফ্রিল্যান্সিংয়ের মতো বিষয় রাখার পরিকল্পনা করা হয়েছে।
নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি শেখানোর বিষয় রয়েছে। অন্যদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, দৈনন্দিন জীবন ও শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এআইয়ের তথ্য যাচাই ও অনলাইন নিরাপত্তায় গুরুত্ব
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু এআই ব্যবহার শেখালেই চলবে না; এর মাধ্যমে পাওয়া তথ্যের সত্যতা যাচাই ও সঠিক তথ্য বাছাই করার দক্ষতাও গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভুয়া বা বিকৃত ভিডিও শনাক্ত করা, তথ্য যাচাই এবং অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখানো প্রয়োজন।
এ প্রসঙ্গে সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থায় তথ্য যাচাই ও ডিপফেক শনাক্তকরণ বিষয়ে পাঠদানের উদাহরণ তুলে ধরেন তিনি। তাঁর মতে, বাংলাদেশের শিক্ষার্থীদের বয়স ও দক্ষতার উপযোগী করে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানোর ব্যবস্থা করা জরুরি।
প্রযুক্তি ল্যাব স্থাপনে বড় বিনিয়োগের পরিকল্পনা
শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শেখানোর সুযোগ বাড়াতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিসংশ্লিষ্ট প্রযুক্তি শেখানোর ব্যবস্থা রাখার কথা রয়েছে। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা।
এ ছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, প্রযুক্তি, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগও যুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
শিক্ষামন্ত্রী আরও জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কোর আয়োজনে ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের ওই আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার বিষয়টি গুরুত্ব পায়। সেখানে শিক্ষাক্ষেত্রে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার এবং এর অপব্যবহার প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে।
দেশে প্রযুক্তিভিত্তিক শিক্ষার আগের উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, আইসিটি শিক্ষার প্রসারে সরকার বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখছে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।












