সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদে উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের এমপিদের এলাকার ইউপিগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে তিনি এ অভিযোগ করেন। জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।
সংসদে আব্দুল্লাহ আল আমিন বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার প্রতিটি ইউপির অনুকূলে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে এ বরাদ্দ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদগুলোতে উন্নয়নের প্রয়োজন নেই, অথচ শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকার ইউপিগুলোতেই উন্নয়ন প্রয়োজন—এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের সব নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো এবং ইউনিয়ন পরিষদের উন্নয়নের বরাদ্দসংক্রান্ত চিঠি মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
আলোচনার একপর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, তাঁর জানা মতে আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী এলাকায় কোনো ইউনিয়ন পরিষদ নেই, কারণ তিনি মহানগর এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।
এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর নির্বাচনী এলাকায় ইউনিয়ন পরিষদ থাকার কথা জানান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, সেখানে দু-একটি ইউনিয়ন পরিষদ থাকতে পারে।
বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করে মীর শাহে আলম বলেন, তিনি পরদিন এ বিষয়ে জানাবেন এবং হতাশ না হওয়ার আহ্বান জানান।
সংসদে এ আলোচনা বিরোধী দলের নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দের সমতা ও বণ্টনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন সামনে এনেছে। তবে বরাদ্দের বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা এখন দেখার বিষয়।


















