দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা উচিত।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ বিদেশি আধিপত্যবাদী শক্তির হাতিয়ার হিসেবে কাজ করছে। পটকা বিস্ফোরণ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে কোনো দেশবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে এসেছে। তারা কোনো ধরনের আধিপত্য, আগ্রাসন কিংবা পরাধীনতা মেনে নেবে না।
প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন করে ষড়যন্ত্র চলছে বলে তারা মনে করেন। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার এবং জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে যাবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ছাড়েন। এখন দেশে ফেরার কথা বললেও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন প্রিন্স। তাঁর অভিযোগ, দেশে ফেরার বক্তব্য দিয়ে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সক্রিয় করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের সামনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এ অর্জন ধরে রাখতে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ধোবাউড়া উপজেলা চত্বরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া বাজারে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।


















