তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিয়েছিল।
রোববার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ন্যায্য মজুরি নির্ধারণে সরকার কাজ করছে। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়েই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের উদ্যোগের প্রতি আস্থা রাখার কারণেই শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে জনগণের সমর্থন থাকলে যেকোনো অপশক্তির অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে পরাজিত শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকারি দল, বিরোধী দলসহ সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে দেশের মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না; বরং রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সেই আন্দোলন সফল হয়েছে।
















