সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের অংশ হিসেবে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী বাছাই করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। সেখান থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।
পরবর্তী ধাপে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন। সেখান থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারি লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব নিয়োগে মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ প্রয়োজনীয় ব্যয় নিয়োগকর্তারা বহন করবেন।
















