সাভারে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের শিকার বাসটি সাভার পরিবহনের। এটি বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত কাজ করায় আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
















