দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ১৩ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের।রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।
বৈঠক সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। অর্থের সংস্থান অনুযায়ী পর্যায়ক্রমে অবসরপ্রাপ্তদের পাওনা পরিশোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা প্রায় ১৩ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া হজে যাওয়ার প্রস্তুতি নেওয়া শিক্ষক-কর্মচারী এবং দুরারোগ্য রোগে আক্রান্তদের পাওনা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের সুপারিশ করা হয়েছে।দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধার অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এ উদ্যোগ স্বস্তি নিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলনসহ সংসদীয় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
















