সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশির দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেওয়া এক শোকবার্তায় এ দুঃখ প্রকাশের কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে ঘটে যাওয়া দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এ ঘটনায় আহত ছয়জনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের স্বজন এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন সরকারপ্রধান।

















